ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে রওনা হন স্পিকার। সফর শেষে আগামী ৪ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।
আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। তিনি ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে শাহাদাতবরণ করেন।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের নতুন রাষ্ট্রব্যবস্থায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে স্বল্প সময়ের জন্য প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ইরান-ইরাক যুদ্ধ চলাকালে ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ তাকে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে। দীর্ঘ প্রায় চার দশক তিনি এ দায়িত্ব পালন করেন।
আগামী ৪ থেকে ৮ জুলাইয়ের মধ্যে তেহরান, কুম ও মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া ইরাকের বাগদাদ, কাজমিন, কারবালা ও নাজাফেও স্মরণসভা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার আয়োজন করা হবে।



