বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোর ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ‘স্নাতক’ নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত গেজেট সোমবার প্রকাশ করা হয়।
এর আগে বৃহস্পতিবার ‘ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৫’ জারি করা হয়।
নতুন প্রবিধান অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব একটি ম্যানেজিং কমিটির ওপর ন্যস্ত থাকবে। এতে সভাপতি, সাধারণ ও সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি, সাধারণ ও সংরক্ষিত অভিভাবক প্রতিনিধি, প্রতিষ্ঠাতা প্রতিনিধি, দাতা প্রতিনিধি এবং একজন বিদ্যোৎসাহী সদস্য অন্তর্ভুক্ত থাকবেন। সদস্য সচিব হবেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।
গেজেটে আরও বলা হয়েছে—
- উচ্চ মাধ্যমিক স্তরের সব শিক্ষকের ভোটে ২ জন সাধারণ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হবেন।
- নারী শিক্ষক থাকলে কেবল নারী শিক্ষকদের মধ্য থেকে ভোটে নির্বাচিত ১ জন সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি অন্তর্ভুক্ত হবেন।
- একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের ভোটে ৪ জন সাধারণ অভিভাবক প্রতিনিধি এবং ১ জন সংরক্ষিত নারী অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হবেন।
- একাধিক প্রতিষ্ঠাতা বা দাতা থাকলে তাঁদের মধ্য থেকে ভোটে একজন করে প্রতিনিধি নির্বাচিত হবেন।
- প্রথম সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের সিদ্ধান্তে একজন স্থানীয় বিদ্যোৎসাহী মনোনীত হবেন।



