সৌদি আরবের আবহা ও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অতর্কিত হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৬ জন আহত হয়েছেন। ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
বুধবার এক বিবৃতিতে সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এসব তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আবহার আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই নারী নিহত হয়েছেন। তাদের একজন মরক্কোর এবং অন্যজন আলজেরিয়ার নাগরিক। ওই হামলায় আরও ২৮ জন আহত হন।
অন্যদিকে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
আহতদের মধ্যে সৌদি আরবের নাগরিকদের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৬ ও ৭ অক্টোবর এসব হামলা চালানো হয়। তবে কোন বিমানবন্দরে কোন দিন হামলা হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নিহত ও আহত ব্যক্তিদের জাতীয়তা ও পরিচয় সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ প্রাথমিক তথ্য প্রকাশ করেছে।
তবে হামলাগুলোর ধরন, লক্ষ্যবস্তু এবং কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে—এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।



