প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে অর্থনীতিকে মুক্ত করে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তিনি ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ হিসেবে উল্লেখ করেন।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় একটি বিধ্বস্ত অর্থনীতি পেয়েছিল। দুর্নীতি, অর্থপাচার, পুঁজিবাজারে কারসাজি এবং ভুল নীতির কারণে দেশের অর্থনীতি গভীর সংকটে পড়েছিল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে গিয়েছিল আশঙ্কাজনক পর্যায়ে, টাকার মানও উল্লেখযোগ্যভাবে কমে যায়। পাশাপাশি লোকদেখানো প্রকল্পে নেওয়া বৈদেশিক ঋণ এখন দেশের ওপর বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।
তবে এসব সংকটকে অজুহাত না বানিয়ে রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর নীতির মাধ্যমে অর্থনীতি পুনরুদ্ধারের অঙ্গীকার করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। উন্নয়ন ব্যয় ৫০ শতাংশের বেশি বাড়িয়ে ৩ লাখ ১৬ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য ঋণনির্ভর নয়, বরং উৎপাদন ও বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তোলা। নতুন বিনিয়োগের ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি, মানুষের জীবনমানের উন্নয়ন এবং পরিবেশগত প্রভাবকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে, দরিদ্র জনগোষ্ঠী সামাজিক সুরক্ষা পাবে, তরুণদের কর্মসংস্থান হবে এবং কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করবে। একই সঙ্গে উদ্যোক্তারা হয়রানিমুক্ত পরিবেশে ব্যবসা করতে পারবেন এবং আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
দেশীয় শিল্পের বিকাশে রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নতুন শিল্প স্থাপনে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা চলছে।
ভোলা জেলায় প্রাকৃতিক গ্যাসকে কেন্দ্র করে একটি বৃহৎ শিল্প পার্ক গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, শিল্পায়ন ও কর্মসংস্থানে ব্যাপক পরিবর্তন আসবে।
এ ছাড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজে ঋণ ও অর্থায়নের সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন ও বিধিমালা আরও সহজ করা হচ্ছে বলেও জানান তিনি।



