আগামী ২০২৬-২৭ অর্থবছরে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে করমুক্ত সীমার পর আয়ের ওপর করহারও পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব দেন। তিনি বলেন, এবারের বাজেটে শুধু আগামী অর্থবছরের কর কাঠামো নয়, বরং করদাতারা যাতে দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা করতে পারেন, সে লক্ষ্য সামনে রেখে আগামী পাঁচ বছরের করনীতি সম্পর্কেও একটি ধারাবাহিক রূপরেখা অন্তর্ভুক্ত করা হয়েছে।
বর্তমানে সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা। নতুন প্রস্তাব অনুযায়ী, আগামী অর্থবছরে এটি বেড়ে হবে ৩ লাখ ৭৫ হাজার টাকা। এছাড়া ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরে করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা এবং ২০৩০-৩১ অর্থবছরে সাড়ে ৪ লাখ টাকা নির্ধারণের পরিকল্পনা রয়েছে।
তবে করমুক্ত সীমা বাড়লেও করমুক্ত সীমা অতিক্রম করার পর করের হার আগের তুলনায় বেশি হবে। চলতি অর্থবছর পর্যন্ত করমুক্ত সীমার পর প্রথম ১ লাখ টাকা আয়ের ওপর ৫ শতাংশ কর দিতে হতো। এরপর পর্যায়ক্রমে ১০, ১৫, ২০, ২৫ এবং সর্বোচ্চ ৩০ শতাংশ হারে কর আরোপের বিধান রয়েছে।
নতুন প্রস্তাব অনুযায়ী, করমুক্ত সীমার পর প্রথম ৩ লাখ টাকা আয়ের ওপর ১০ শতাংশ কর ধার্য করা হবে। এরপরের ৪ লাখ টাকার ওপর ১৫ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকার ওপর ২০ শতাংশ, পরবর্তী ২০ লাখ টাকার ওপর ২৫ শতাংশ এবং এর বেশি আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ কর প্রযোজ্য হবে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে সাধারণ করদাতাদের প্রথম ৩ লাখ ৭৫ হাজার টাকা আয় করমুক্ত থাকবে। এরপর ধাপে ধাপে নির্ধারিত হারে কর দিতে হবে। এছাড়া ২০২৮-২৯ থেকে ২০৩০-৩১ অর্থবছর পর্যন্ত কর কাঠামোয় আরও কিছু পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, বার্ষিক ৩ কোটি টাকার বেশি আয়কারী উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য সর্বোচ্চ করহার ৩৫ শতাংশ পর্যন্ত নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।



