আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাবেক নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
সূত্র জানায়, বৈঠকে নির্বাচনি আসন পুনর্বিন্যাসসহ আসন্ন নির্বাচনের প্রস্তুতি, পর্যবেক্ষক নিয়োগ ও প্রক্রিয়াগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
এর আগে, রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২২ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন।
একই দিন সন্ধ্যা ৬টায় জামায়াতে ইসলামীও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয় বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।



