মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সারের জন্য চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। সার পাওয়ার আশায় শত শত কৃষক ডিলারের দোকানের সামনে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিপুলসংখ্যক কৃষকের উপস্থিতি দেখে সার বিতরণ বন্ধ করে পুলিশকে খবর দেন ডিলার। একপর্যায়ে কয়েকজন কৃষক সারের গুদামে প্রবেশের চেষ্টা করলে এলাকায় উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
বুধবার (৭ অক্টোবর) সকাল ৭টা থেকে উপজেলার কলিয়া ইউনিয়নের কলিয়া বাজারে মেসার্স রাজ্জাক অ্যান্ড কোং-এর দোকানের সামনে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় কৃষকেরা জানান, সার ডিলার আব্দুর রাজ্জাক বেশ কিছুদিন ধরে সারের সংকটের কথা বলে আসছিলেন। গুদামে সার নেই বলেও জানানো হচ্ছিল। পরে কৃষকদের সার দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হলে বুধবার সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা তাঁর দোকানের সামনে জড়ো হতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে।
একপর্যায়ে শত শত কৃষকের উপস্থিতি দেখে ডিলার সার বিতরণ বন্ধ করে পুলিশকে খবর দেন। এতে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকা কৃষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন কৃষক সারের গুদামে প্রবেশের চেষ্টা করেন।
খবর পেয়ে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. লুৎফে আল মুঈজ এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা কৃষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. লুৎফে আল মুঈজ দৈনিক যুগান্তরকে জানান, নির্ধারিত ডিলার আব্দুর রাজ্জাক তাঁকে ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছিলেন, তাঁর উত্তোলন করা বিভিন্ন ধরনের ৭০৬ বস্তা সার বিতরণ করা হচ্ছিল। এ সময় আকস্মিকভাবে কয়েক শ নারী-পুরুষ সার নিতে সেখানে ভিড় করেন।
কৃষকেরা একপর্যায়ে গুদামের দরজা-জানালা ভেঙে ফেলার উপক্রম করলে ডিলার বিষয়টি তাঁদের জানান। পরে তিনি, সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে কৃষকদের প্রয়োজনীয় পরিমাণ সার দেওয়ার আশ্বাস দেন। এতে পরিস্থিতি শান্ত হয়।
পরে গ্রাম পুলিশের সহায়তায় সার নিতে আসা কৃষকদের জন্য পুরুষদের নয়টি এবং নারীদের জন্য পৃথক একটি লাইন করা হয়। সংশ্লিষ্ট ওয়ার্ডের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে এসব লাইনে দাঁড়ানো কৃষকদের মধ্যে সার বিতরণ করা হয়।



