-
ইতালির ভেনিসে অভিনেত্রী ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় জাতীয় সংসদে প্রতিবাদ জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ ঘটনার প্রতিবাদ জানান। একই সঙ্গে হামলায় জড়িতদের বিরুদ্ধে ইতালির সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের উদ্যোগ কী, তা জানতে চান তিনি।
জহরত আদিব চৌধুরী বলেন, চলচ্চিত্রসংক্রান্ত একটি অনুষ্ঠানে অংশ নিতে বাঁধন ইতালির ভেনিসে গিয়েছিলেন। সেখানে পরিবারের সদস্য ও ছোট সন্তানকে নিয়ে পার্কে হাঁটার সময় তাকে শারীরিকভাবে আক্রমণ ও মৌখিকভাবে হেনস্তা করা হয়। তার দিকে কোল্ড ড্রিংকস ও পানি ছুড়ে মারার অভিযোগও রয়েছে।
তিনি বলেন, একজন নারী ও দেশের পক্ষে অবস্থান নেওয়া একজন শিল্পীর ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার ভাষ্য, জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর কারণেই বাঁধনকে টার্গেট করা হয়েছে।
সংসদ সদস্য আরও বলেন, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়েছে। এখন পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে এবং ইতালির সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ কী—তা সংসদ ও দেশের মানুষ জানতে চায়।
এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিষয়টি অত্যন্ত অমার্জনীয় ও নিন্দনীয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রীরা সংসদে এলে তাদের বক্তব্য শোনা হবে।
তিনি বলেন, “এই সংসদ জানতে চায়, এই জাতি জানতে চায়”—বাঁধনের ওপর হামলার ঘটনায় সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে সংসদে ব্যাখ্যা প্রয়োজন।



