সহিংসতার মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার দেখানো হয়েছে; তাকে আদালতে তোলার প্রস্তুতি চলছে।
রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় গণঅভ্যুত্থানের সময় সহিংসতা ও ভাঙচুরের অভিযোগে জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বর্তমানে তাকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা হত্যাচেষ্টা ও ভাঙচুরের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে সোমবার গভীর রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর পর ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী। তিনি ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার হিসেবে নির্বাচিত হন এবং দীর্ঘ সময় ধরে এ দায়িত্ব পালন করেন। রংপুর-৬ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।



