সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। আজ সকালে তিনি মারা যান।
তার মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তার মেয়ে হুমায়রা জানান, “আমার বাবা সকাল সাড়ে ৮টার দিকে ঢামেকে আইসিইউতে মারা যান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে সহিংস ঘটনার মামলায় গ্রেফতারের পর তিনি কারাগারে ছিলেন।”
নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১৯৮৬ সালে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮, ২০১৪, ২০১৯ এবং সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পুনরায় নির্বাচিত হন।
তিনি ২০১৯ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয়বার শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন।



