৭ যুবককে ‘জঙ্গি সাজিয়ে’ হত্যা
গাজীপুরের জয়দেবপুরে ২০১৬ সালে ৭ যুবককে ‘জঙ্গি সাজিয়ে’ হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলার অন্য আসামিরা হলেন-গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক প্রধান মনিরুল ইসলাম, বগুড়ার তৎকালীন এসপি ও এএসপি।
ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, মিজানুল ইসলামসহ অন্যরা।
জানা গেছে, ২০১৬ সালে দেশের বিভিন্ন জেলা বা স্থান থেকে মাদরাসার ছাত্র অথবা ইসলামী মতাদর্শে বিশ্বাসী মনোভাবাপন্ন কয়েকজন যুবক-কিশোরকে আটক করা হয়। তাদের মধ্যে একজন যাত্রাবাড়ীর একটি মাদরাসার ছাত্র ইবরাহীম। ১৯ বছর বয়সী ওই কিশোর গাজীপুরের সেই কথিত ‘জঙ্গি নাটকে’ খুন হন। ছেলেকে বিচারবহির্ভূত হত্যার দায়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় একটি অভিযোগ করেন ইবরাহীমের বাবা। পরে এ ঘটনার তদন্ত করেন কর্মকর্তারা।
সাংবাদিকদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ‘২০১৬ সালের ৮ অক্টোবর সারাদেশ থেকে সাতজনকে গ্রেপ্তার করে গাজীপুরের জয়দেবপুরে একটি ভাড়া বাসার দোতলায় রাখা হয়। পরে বাইরে তালা লাগিয়ে জঙ্গি আস্তানা রয়েছে বলে অভিযান চালায় সিটিটিসি ও সোয়াতের সদস্যরা। একপর্যায়ে সরাসরি গুলি চালিয়ে সাতজনকেই হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর নিহতরা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রচার করা হয়।
তিনি বলেন, ‘এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অংশ হিসেবে প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরই ধারাবাহিকতায় আজ সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়। শুনানি শেষে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।’



