tanaka
প্রচ্ছদসারাদেশসাংবাদিকের ওপর এমপির ভাইয়ের হামলার অভিযোগ

সাংবাদিকের ওপর এমপির ভাইয়ের হামলার অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলা টিভির উপজেলা প্রতিনিধি মাহবুবুল আহসান উল্লাস। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা পৌনে একটার দিকে পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক বর্তমানে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কুন্ডুপাড়ায় পৌর সড়কের নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের ছবি ও ভিডিও সংগ্রহ করতে ঘটনাস্থলে যান সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাস।

অভিযোগ করা হচ্ছে, এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের ভাই আনোয়ার ও তার দেহরক্ষী পরিচয়দানকারী রুহুলের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি সাংবাদিকের ওপর চড়াও হন। এলোপাতাড়ি মারধরে তিনি রক্তাক্ত হন। পরে সহকর্মী সংবাদকর্মী ও পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঘটনার বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা আখতার বলেন, পৌর সড়কের নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানকে আগেই চিঠি দিয়ে কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল। এরপরও কাজ চলতে থাকায় তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন। তিনি চলে আসার পরপরই সাংবাদিক উল্লাসের ওপর হামলার ঘটনা ঘটে বলে জানান তিনি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, সংবাদ সংগ্রহের সময় বাকবিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও হামলা ঠেকানোর চেষ্টা করে। তবে পুলিশের সদস্যসংখ্যা কম থাকায় তা পুরোপুরি সম্ভব হয়নি।

ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কুষ্টিয়ার গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় সাংবাদিকরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি এর নেপথ্যে কেউ থাকলে তাকেও তদন্তের আওতায় এনে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।