সরকার নারীর ক্ষমতায়ন ও শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অধিবেশনে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী বলেন, নারী শিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের প্রতিটি উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনায় রয়েছে। বিশেষ করে বৃহৎ ও গুরুত্বপূর্ণ উপজেলাগুলোতে নারী শিক্ষার উন্নয়নে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজসহ দেশের বিভিন্ন উপজেলার উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিদ্যমান নীতিমালা ও প্রয়োজনীয় অর্থায়ন সাপেক্ষে পর্যায়ক্রমে সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে।



