দেশের প্রায় ৪ কোটি প্রান্তিক পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
প্রধানমন্ত্রী বলেন, নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”—এই নীতিকে সামনে রেখে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে। এর আওতায় প্রাথমিকভাবে গত ১০ মার্চ দেশের ১৩টি জেলা ও ৩টি সিটি করপোরেশনে মোট ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ধাপে ধাপে দেশের প্রায় ৪ কোটি প্রান্তিক পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে। পাশাপাশি, নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ি) আসনের দরিদ্র পরিবারের নারী সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ফ্যামিলি কার্ডের অন্তর্ভুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।



