tanaka
প্রচ্ছদজাতীয়‘সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা’

‘সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা’

‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’—এমন হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

নাসিমুল গনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে বা নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সময়নিষ্ঠতার বিষয়টি তুলে ধরেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী প্রতিদিন সকাল ৯টার আগেই কার্যালয়ে উপস্থিত হন। জনদুর্ভোগ কমানো ও যানজট এড়াতে তিনি অনেক সময় প্রটোকল ছাড়াই ভোরে সচিবালয়ে আসেন। প্রধানমন্ত্রীর এই সময়নিষ্ঠ উপস্থিতি কর্মকর্তাদের মধ্যেও ইতিবাচক প্রভাব ফেলছে এবং দায়িত্ব পালনে সচেতনতা বাড়াচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রধানমন্ত্রীর সচিবালয়ে নিজস্ব কার্যালয় রয়েছে এবং তিনি প্রয়োজন অনুযায়ী সেখানে অফিস করতে পারেন—এটি সম্পূর্ণ তাঁর সিদ্ধান্তের বিষয়।

প্রশাসনিক রদবদল সংক্রান্ত প্রশ্নে নাসিমুল গনি বলেন, সময় ও প্রয়োজন অনুযায়ী প্রশাসনে পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া; উপযুক্ত সময় এলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।