tanaka
প্রচ্ছদরাজধানীডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার

ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার পদে নতুন কেউ যোগদান না করা পর্যন্ত দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডিএমপির কমিশনার হিসেবে নতুন কর্মকর্তা যোগ না দেওয়া পর্যন্ত মো. সরওয়ার দায়িত্বপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন তৎকালীন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও তার চুক্তির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত বলবৎ ছিল। বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৬ সালের নভেম্বরে চাকরিচ্যুত হন।

পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার তাকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল করে। ২০২৪ সালের ২০ নভেম্বর তিনি ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান। প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৭ জানুয়ারি এসবি থেকে মো. সরওয়ারকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়। পরবর্তীতে তাকে ডিএমপির ট্রাফিক বিভাগের প্রধানের দায়িত্ব দেওয়া হয়। ১১ আগস্ট তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন। রাজধানীতে যানজট নিরসনে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।