অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, মহেশখালী-মাতারবাড়ীতে শুধু গভীর সমুদ্রবন্দর নয়, সেখানে একটি নতুন শহরের জন্ম হবে। সেখান থেকে আন্তর্জাতিক কানেক্টিভিটি তৈরি হবে। “সমুদ্রই হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক”—বলেন তিনি।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সঙ্গে বৈঠকে তিনি এ ভিশন তুলে ধরেন। বৈঠকে নেতৃত্ব দেন মিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুণ। উপস্থিত ছিলেন মিডার সদস্য কমোডর তানজিম ফারুক, মো. সারোয়ার আলম, প্রধান উপদেষ্টার এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না।
বৈঠকে মিডার চেয়ারম্যান আশিক চৌধুরী প্রকল্পের প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি জানান, প্রকল্পটি তিন ধাপে বাস্তবায়ন হবে—প্রথম ধাপ ২০২৫–২০৩০, দ্বিতীয় ধাপ ২০৩০–২০৪৫ এবং তৃতীয় ধাপ ২০৪৫–২০৫৫ পর্যন্ত। প্রকল্প সম্পন্ন হলে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে এবং জিডিপিতে যোগ হবে দেড়শ বিলিয়ন মার্কিন ডলার।
প্রধান উপদেষ্টা বলেন, শুধু সমুদ্রবন্দর নয়, ব্লু ইকনোমি গড়ে তোলার দিকেও মনোযোগ দিতে হবে। মহেশখালীকে শুধু ফ্যাসিলিটেশন জোন নয়, বরং একটি নতুন শহর হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি, গভীর সমুদ্র নিয়ে গবেষণা, আন্তর্জাতিক মানের ট্রেইনিং ফ্যাসিলিটি এবং বৈশ্বিক বিশেষজ্ঞদের সহযোগিতা গ্রহণের ওপর জোর দেন তিনি।
তিনি আরও বলেন, “আমরা কখনো সমুদ্র জগতে প্রবেশ করিনি, গবেষণাও করিনি। এ বিষয়ে আন্তর্জাতিক গবেষণা পর্যালোচনা করে নিজস্ব গবেষণা প্রতিষ্ঠান ও একাডেমিয়া গড়ে তুলতে হবে। ওশান ইকনোমি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন জরুরি।”
এ ছাড়া পরিবেশ সংরক্ষণ ও ইকো-ট্যুরিজম পার্ক গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়। বনভূমির বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সংরক্ষণ পরিকল্পনার কথাও গুরুত্ব দিয়ে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।



