tanaka
প্রচ্ছদটপ নিউজসেপ্টেম্বর থেকে ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া, ১০ হাজার যাবে...

সেপ্টেম্বর থেকে ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া, ১০ হাজার যাবে ‘জিরো কস্টে’

সেপ্টেম্বরের শেষ দিক থেকে ধাপে ধাপে বাংলাদেশ থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া। আগামী ছয় মাসের মধ্যে কর্মী পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে। এর বাইরে ১০ হাজার বাংলাদেশি শ্রমিককে কোনো খরচ ছাড়াই বা ‘জিরো কস্টে’ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে শুরু হবে। আগামী ছয় মাসের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার কথা জানিয়েছেন মালয়েশিয়ার হাইকমিশনার।

দুই লাখ কর্মী পাঠানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ার তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে এসব কর্মী নেওয়া হবে। এর বাইরে আরও ১০ হাজার শ্রমিককে সম্পূর্ণ বিনা খরচে নেওয়া হবে। এই কর্মী পাঠানোর প্রক্রিয়াও সেপ্টেম্বরের শেষ দিক থেকে পর্যায়ক্রমে শুরু হবে।

মালয়েশিয়ায় বর্তমানে বাংলাদেশের প্রায় আট লাখ নিবন্ধিত শ্রমিক রয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সেখানে কিছু অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিকও আছেন। তাঁদের নিবন্ধনের আওতায় আনার বিষয়ে মালয়েশিয়ার হাইকমিশনারকে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া দুই দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে পারস্পরিক যোগাযোগের কথাও তুলে ধরেন তিনি। প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ায় বাংলাদেশের প্রায় ১০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। অন্যদিকে, বাংলাদেশেও মালয়েশিয়ার প্রায় এক হাজার শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন।

বৈঠকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় এলএনজি আমদানির বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

বৈঠকে বাংলাদেশে বিভিন্ন খাতে মালয়েশিয়ার প্রায় ২ মিলিয়ন ডলার বিনিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।