নজিরবিহীন শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রজুড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র ঠান্ডা ও বৈরী আবহাওয়ার কারণে এ পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের তাণ্ডবে দেশজুড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় ১০ লাখ বাসিন্দা। একদিনেই বাতিল করা হয়েছে ১৬ হাজারের বেশি ফ্লাইট। রোববার (২৫ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে, টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় তুষারপাত, বরফ জমা ও হিমবৃষ্টির ফলে ‘জীবননাশের ঝুঁকিপূর্ণ’ পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থা আরও কয়েক দিন স্থায়ী হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়, শীতকালীন ঝড়ের কারণে লুইজিয়ানায় অন্তত দুইজন এবং টেক্সাসে একজনের মৃত্যু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, দেশটির দক্ষিণাঞ্চলে বরফ জমে গাছের ডাল ভেঙে পড়ায় বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে করে টেনেসি অঙ্গরাজ্যে তিন লাখ ৩০ হাজারের বেশি, মিসিসিপিতে এক লাখ ৬০ হাজার এবং লুইজিয়ানা ও টেক্সাসে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। মধ্য-আটলান্টিক অঞ্চলগুলোতেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
শীতকালীন ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিসিসিপির অক্সফোর্ড শহর। সেখানে প্রায় ৭৫ শতাংশ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। বহু এলাকায় গাছ ও বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতিকে ‘ভয়াবহ’ হিসেবে বর্ণনা করেছে।
নিউইয়র্ক সিটিতেও প্রবল তুষারপাত ও তীব্র শীত বিরাজ করছে। মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, গত আট বছরের মধ্যে এটিই সবচেয়ে শীতল সময়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, শনিবার শহরে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে, যদিও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয়।
ঝড়ের প্রভাব পড়েছে শিক্ষা ও গণপরিবহন ব্যবস্থায়ও। নিউ ইংল্যান্ড থেকে শুরু করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস বাতিল ও ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। তুষারঝড়ের কারণে শার্লট শহরে সব ধরনের গণপরিবহন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া দেশজুড়ে বাতিল করা হয়েছে ১০ হাজারের বেশি ফ্লাইট। পরিস্থিতির অবনতির কারণে অন্তত ২৪টি অঙ্গরাজ্যে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে ফ্লোরিডা, দক্ষিণ-পূর্ব আলাবামা ও দক্ষিণ-পশ্চিম জর্জিয়ার কিছু এলাকায় টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে।



