নিজের পাঠদান পদ্ধতি নিয়ে আত্মসমালোচনা করতে এবং শিক্ষার্থীদের শেখার অগ্রগতি মূল্যায়ন করে প্রয়োজনীয় পরিবর্তন আনতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষকদের উদ্দেশে এ বার্তা দেন তিনি।
পোস্টে মন্ত্রী লেখেন, ‘শিক্ষকতার শুরুতেই নিজের কাজ নিয়ে প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলুন। একটি অধ্যায় পড়ানোর পর নিজেকে জিজ্ঞাসা করুন—কতজন বুঝল? যারা বুঝল না, তাদের জন্য আমি কী বদলাব?’
তিনি আরও লেখেন, ‘একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন ফল আশা করলে চলবে না। শিক্ষার্থীর কাজ, প্রশ্ন ও ভুল থেকে তথ্য নিয়ে নিজের পাঠদান উন্নত করা শিক্ষকতার গুরুত্বপূর্ণ চর্চা।’
শিক্ষামন্ত্রীর এ বার্তায় শিক্ষার্থীরা পাঠ কতটা বুঝতে পারছে, তা নিয়মিত মূল্যায়ন করার পাশাপাশি শেখার ঘাটতি দূর করতে পাঠদান পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।



