ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে মিছিলের খবর পেয়ে উপজেলার সদর ইউনিয়নের চরশিহারী এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে উপজেলার চরহোসেনপুর গ্রামের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে একটি মিছিল অনুষ্ঠিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আল-মাসুম (৩০) এবং ঈশ্বরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মো. সজিব মিয়া (২০)।
পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের ব্যানারে মিছিল করার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ওই দুই নেতাকে গ্রেপ্তারের পর বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।



