সিলেট নগরীর একটি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকাকালে পুলিশের পোশাক পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করায় বিভাগীয় ব্যবস্থার মুখে পড়েছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। উদয়ন ফারুক নামের ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে পেশাগত দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে।
গান পরিবেশনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সিলেট মহানগর পুলিশের (এসএমপি) নির্দেশে তাঁকে জালালাবাদ থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে তাঁকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বুধবার (২০ অক্টোবর) জানান, সরকারি পোশাক পরে দায়িত্ব পালনকালে অন্য কাজে জড়িয়ে পড়া দায়িত্বে অবহেলার শামিল। এ কারণে প্রাথমিক তদন্ত ও বিভাগীয় ব্যবস্থার অংশ হিসেবে ওই এএসআইকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দিতে জালালাবাদ অঞ্চলের সহকারী কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে চূড়ান্ত বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার রাতে নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন এএসআই উদয়ন ফারুক। এ সময় তিনি পূজা উদযাপন পরিষদের মঞ্চে উঠে পুলিশের পোশাক পরা অবস্থায় জেমসের ‘ওরে ওরে হাওয়া’ গানটি পরিবেশন করেন।
পরে তাঁর গান গাওয়ার ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের নজরে এলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।



