ইরানের তৈরি কামিকাজে ড্রোন ‘শাহেদ-১৩৬’-এর নকশা ও প্রযুক্তি অনুসরণ করে যুক্তরাষ্ট্র ‘লুকাস’ নামে একটি ড্রোন তৈরি করেছে বলে দাবি করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি।
শনিবার ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর খোররামাবাদে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি করেন।
মুসাভি বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা এবং দীর্ঘ সামরিক অভিজ্ঞতার সমন্বয়ে ইরান ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য সক্ষমতা অর্জন করেছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বর্তমানে এসব ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।
আইআরজিসির এই কমান্ডার জানান, ইরানের সামরিক বহরে ‘শাহেদ’ সিরিজের বিভিন্ন ধরনের ড্রোন রয়েছে। এগুলোর কিছু সরাসরি আক্রমণ বা স্ট্রাইক পরিচালনায় ব্যবহৃত হয়, আবার কিছু নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত রয়েছে।
মুসাভির দাবি, ইরানের ড্রোন প্রযুক্তির সক্ষমতা এতটাই কার্যকর যে যুক্তরাষ্ট্রও এর অনুকরণ করতে বাধ্য হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটন শাহেদ-১৩৬-এর আদলে ‘লুকাস’ নামের একটি ড্রোন তৈরি করে নিজেদের অস্ত্রভান্ডারে যুক্ত করেছে।
নিজেদের ড্রোন প্রযুক্তির সক্ষমতার উদাহরণ হিসেবে তিনি ‘অপারেশন ট্রু প্রমিজ ১’-এর কথাও তুলে ধরেন। তার দাবি, ওই অভিযান আইআরজিসির নিজস্ব ড্রোন ব্যবহার করেই সফলভাবে পরিচালনা করা হয়েছিল।
সূত্র: তাসনিম নিউজ



