tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকনাইন-ইলেভেনের আগেই লাদেনের সম্ভাব্য হামলার তালিকায় ছিল ভারত: সিআইএ নথি

নাইন-ইলেভেনের আগেই লাদেনের সম্ভাব্য হামলার তালিকায় ছিল ভারত: সিআইএ নথি

নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষে আল-কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনকে ঘিরে শতাধিক পৃষ্ঠার গোপন নথি প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। প্রকাশিত নথিতে ইঙ্গিত মিলেছে, যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারতসহ আরও কয়েকটি দেশে বড় ধরনের হামলার পরিকল্পনা নিয়ে কাজ করছিল লাদেনের সংগঠন।

সিআইএর প্রকাশ করা নথিগুলোর মধ্যে ৭০টির বেশি প্রেসিডেন্সিয়াল ইন্টেলিজেন্স ব্রিফ রয়েছে। এসব নথিতে লাদেনের নেতৃত্বাধীন আল-কায়েদার সম্ভাব্য হামলার পরিকল্পনা ও তৎকালীন গোয়েন্দা সতর্কতার বিভিন্ন তথ্য উঠে এসেছে।

১৯৯৮ সালের আগস্টের একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে বড় ধরনের হামলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন লাদেন। সম্ভাব্য লক্ষ্য হিসেবে ভারতের পাশাপাশি পাকিস্তান, মিসর, কুয়েত, সৌদি আরব, ইয়েমেন, উগান্ডা ও নাইজেরিয়ার নামও উল্লেখ করা হয়েছিল।

তবে ওই নথিতে কোনো নির্দিষ্ট স্থানের নাম বা হামলার সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছিল, বিশ্বের অন্তত ৬০টি দেশে ছড়িয়ে থাকা লাদেনের অনুসারীদের মাধ্যমে বিভিন্ন স্থানে হামলা চালানোর সক্ষমতা আল-কায়েদার ছিল।

নথিপত্রে আরও দেখা যায়, ১৯৯৮ থেকে ২০০১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও পরে জর্জ ডব্লিউ বুশ প্রশাসনকে সম্ভাব্য বড় সন্ত্রাসী হামলার বিষয়ে একাধিকবার সতর্ক করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

নাইন-ইলেভেনের আগে আল-কায়েদার তৎপরতা, সম্ভাব্য হামলার পরিকল্পনা এবং মার্কিন প্রশাসনের কাছে দেওয়া গোয়েন্দা সতর্কতার বিভিন্ন দিক নতুন করে সামনে আনতেই সিআইএ এসব নথি প্রকাশ করেছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়। ওই হামলায় নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারসহ একাধিক স্থানে আঘাত হানা হয়, যা বিশ্ব রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।

সূত্র: এনডিটিভি