tanaka

বাস-মিনিবাসের ভাড়া বাড়ল, কার্যকর ২২ সেপ্টেম্বর থেকে

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩...
প্রচ্ছদআন্তর্জাতিক‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে সংঘর্ষে ৪১ জন নিহত: পাকিস্তান সেনাবাহিনী

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে সংঘর্ষে ৪১ জন নিহত: পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পৃথক দুটি অভিযানে ভারত-সমর্থিত মোট ৪১ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। শুক্রবার (৩০ জানুয়ারি) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ফিতনা আল-খারিজ ও ফিতনা আল-হিন্দুস্তান নামের ভারতীয় প্রক্সি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট এসব সন্ত্রাসীকে ২৯ জানুয়ারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে হত্যা করা হয়। প্রথম অভিযানটি পরিচালিত হয় হরনাই জেলার উপকণ্ঠে, যেখানে ফিতনা আল-খারিজের উপস্থিতির তথ্য পাওয়া যায়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের আস্তানায় কার্যকর আঘাত হানে। তীব্র গোলাগুলির পর সেখানে ৩০ জন ভারত-সমর্থিত খারিজি নিহত হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়, যা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঞ্জগুর জেলায় পৃথক আরেকটি অভিযান চালানো হয়। এতে একটি সন্ত্রাসী আস্তানা ধ্বংস করা হয় এবং ফিতনা আল-হিন্দুস্তান-এর ১১ জন ভারত-সমর্থিত সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়। অভিযানে অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি ২০২৫ সালের ১৫ ডিসেম্বর পাঞ্জগুরে সংঘটিত একটি ব্যাংক ডাকাতির লুট করা অর্থও উদ্ধার করা হয়েছে। আইএসপিআরের দাবি, নিহত সন্ত্রাসীরা অতীতে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। সংশ্লিষ্ট দুই এলাকায় তল্লাশি অভিযান এখনো চলমান রয়েছে।

আইএসপিআর জানায়, নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সমন্বিত উদ্যোগে ‘আজম-ই-ইস্তেহকাম’ ভিশনের আওতায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশ।

এর আগে গত ৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ২০২৫ সালে দেশজুড়ে মোট ৭৫ হাজার ১৭৫টি গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে খাইবার পাখতুনখোয়ায় ১৪ হাজার ৬৫৮টি, বেলুচিস্তানে ৫৮ হাজার ৭৭৮টি এবং দেশের অন্যান্য এলাকায় ১ হাজার ৭৩৯টি অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, গত বছর পাকিস্তানে মোট ৫ হাজার ৩৯৭টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর মধ্যে ৩ হাজার ৮১১টি খাইবার পাখতুনখোয়ায়, ১ হাজার ৫৫৭টি বেলুচিস্তানে এবং অন্যান্য এলাকায় ২৯টি হামলা সংঘটিত হয়। এসব অভিযানে মোট ২ হাজার ৫৯৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলেও দাবি করেন তিনি।

প্রথম নিউজ২৪/মহা