চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ার মাত্র ১৬ দিন আগে শপথ নিতে যাচ্ছেন কার্যনির্বাহী সদস্য আকাশ দাস।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান।
চাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন আকাশ দাস। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েন তিনি। এ কারণে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হননি।
পরে বিষয়টি তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত শেষে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের ২১তম সভায় আকাশ দাসকে ক্ষমা করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের ওই সিদ্ধান্তের পরই তাকে শপথ গ্রহণ করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান বলেন, ‘আজকে আকাশ দাসকে শপথ গ্রহণ করানো হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত হয়েছে। একবারে শপথ গ্রহণ না করানোর চেয়ে করানো ভালো।’
চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব বলেন, ‘প্রশাসন আমাদের জানিয়েছে, আকাশ দাস শপথ নেবেন। তবে আজকে কোন সময়ে শপথ নেবেন, তা জানানো হয়নি। বিষয়টি সম্পূর্ণ ভিসি স্যারের আওতাধীন।’



