ভারতের রাজস্থানের জয়পুরে অবস্থিত সোয়াই মান সিং হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা ছয় রোগীর মৃত্যু হয়েছে এবং গুরুতর দগ্ধ হয়েছেন আরও পাঁচজন।
হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।
ট্রমা সেন্টারের প্রধান চিকিৎসক অনুরাগ ধাকড় জানান, শর্ট সার্কিটের কারণে আইসিইউয়ের ভেতরে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই তা দোতলায় ছড়িয়ে পড়ে। এতে পুরো ওয়ার্ড ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
তিনি আরও জানান, ট্রমা সেন্টারের দোতলায় দুটি আইসিইউ রয়েছে—এর মধ্যে ট্রমা আইসিইউতে ১১ জন ও সেমি আইসিইউতে ১৩ জন রোগী ভর্তি ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীর স্বজনরা চিৎকার করতে থাকেন, আর নার্স ও হাসপাতালের কর্মীরা রোগীদের ট্রলি ও স্ট্রেচারে করে বাইরে বের করার চেষ্টা চালান। তবে ট্রমা আইসিইউয়ের বেশিরভাগ রোগী ছিলেন গভীর অচেতন অবস্থায়, ফলে তাদের সরানো কঠিন হয়ে পড়ে।
চিকিৎসক অনুরাগ ধাকড় বলেন, “যতজনকে সম্ভব হয়েছে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু ছয়জনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল। চিকিৎসক ও নার্সরা সিপিআর প্রয়োগ করে জীবন বাঁচানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হন।” নিহতদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী।
অগ্নিকাণ্ডের পরপরই হাসপাতালের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। চিকিৎসক ও দমকল কর্মীরা জানান, সময়মতো আগুন নিয়ন্ত্রণে না আনলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও ভয়াবহ হতে পারত।



