ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের সিদোয়ারজো শহরে একটি ইসলামিক বোর্ডিং স্কুল ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। এখনও ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসার্নাস)। উদ্ধারকাজ অব্যাহত রয়ে
গত সোমবার (২৯ সেপ্টেম্বর) ‘আল খোজিনি’ নামে একটি ইসলামিক বোর্ডিং স্কুলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নামাজ চলাকালে ভবনের ভিত্তি ওপরতলার নির্মাণকাজের ভার সইতে না পেরে ধসে পড়ে, এবং তা শতাধিক কিশোর শিক্ষার্থীর ওপর চাপা পড়ে।
বাসার্নাস-এর অপারেশন পরিচালক যুধি ব্রামান্তিও জানিয়েছেন, “আমরা এখন পর্যন্ত ৫৪টি মরদেহ উদ্ধার করেছি। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারীরা এখনও কাজ চালিয়ে যাচ্ছে। আশা করছি আজই (সোমবার) উদ্ধারকাজ সম্পন্ন হবে এবং মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিএনপিবি) উপ-প্রধান বুদি ইরাওয়ান একে ‘ইন্দোনেশিয়ার সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ শিক্ষা-দুর্যোগ’ হিসেবে আখ্যায়িত করেছেন।
এখন পর্যন্ত তদন্তে জানা গেছে, নিম্নমানের নির্মাণকাজই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত দল কাজ শুরু করেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভারী যন্ত্রপাতির সহায়তায় ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। শুক্রবার থেকে শিক্ষার্থীদের অভিভাবকদের অনুমতির পর ক্রেন ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। তার আগে উদ্ধারকারীরা সুড়ঙ্গ কেটে নাম ধরে ডেকে এবং সেন্সর ব্যবহার করে বেঁচে থাকা কারও সন্ধান পাওয়ার চেষ্টা করেন, তবে কোনো সাড়া পাওয়া যায়নি।
‘আল খোজিনি’ স্থানীয়ভাবে ‘পেসানত্রেন’ নামে পরিচিত একটি ইসলামিক বোর্ডিং স্কুল। বিশ্বের সর্ববৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় সরকারি হিসাব অনুযায়ী প্রায় ৪২ হাজার ইসলামিক বোর্ডিং স্কুলে ৭০ লাখের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।



