ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শেরপুর-৩ আসন থেকে নির্বাচিত মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জয়ী রেজাউল করিম বাদশা শপথ শেষে আনুষ্ঠানিকভাবে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
জানা যায়, বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে সাধারণ নির্বাচনে বিএনপির প্রার্থীরা বড় ব্যবধানে জয়লাভ করেছেন। বগুড়া-৬ আসনে রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। এছাড়া ফুলকপি প্রতীকে আল আমিন তালুকদার পেয়েছেন ৫২৬ ভোট।
অন্যদিকে, শেরপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মাসুদুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। এছাড়া বাসদ (মার্কসবাদী) সমর্থিত কাঁচি প্রতীকের প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বগুড়া-৬ আসনের উপনির্বাচনে (পোস্টাল ব্যালট ছাড়া) ভোট পড়েছে ৪২ দশমিক ৫৭ শতাংশ। মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ৩২৬।



