tanaka
প্রচ্ছদজাতীয়লোডশেডিং: স্বস্তির বার্তা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর

লোডশেডিং: স্বস্তির বার্তা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর

লোডশেডিং পরিস্থিতি নিয়ে স্বস্তির বার্তা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং লোডশেডিং অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদে ৩০০ বিধিতে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, রক্ষণাবেক্ষণের কারণে উৎপাদনে পিছিয়ে থাকা কয়েকটি বিদ্যুৎকেন্দ্র দ্রুত পূর্ণ সক্ষমতায় ফিরছে। এর ফলে সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে। তিনি আরও জানান, জ্বালানি খাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার সমন্বিত ও কার্যকর নানা পদক্ষেপ গ্রহণ করেছে, যার সুফল শিগগিরই দৃশ্যমান হবে।

অনিন্দ্য ইসলাম অমিত স্বীকার করেন, চলমান তীব্র গরমে বিদ্যুৎ সংকটে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। তবে তিনি উল্লেখ করেন, এই সংকট দীর্ঘদিনের সঞ্চিত সমস্যা এবং এর দায় বর্তমান সরকারের নয়; বরং পূর্ববর্তী সরকারের অব্যবস্থাপনার ফলেই এ পরিস্থিতি তৈরি হয়েছে। কাগজে-কলমে উৎপাদন সক্ষমতা বেশি থাকলেও বাস্তবে তার সঙ্গে ঘাটতি রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, বুধবার (২২ এপ্রিল) দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল প্রায় ১৬ হাজার মেগাওয়াট, বিপরীতে উৎপাদন হয়েছে ১৪ হাজার ১২৬ দশমিক ৩৫ মেগাওয়াট। ফলে প্রায় ২ হাজার ৮৬ মেগাওয়াট ঘাটতি পূরণে লোডশেডিং করতে হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে সরকার শুরু থেকেই একটি নীতি অনুসরণ করছে, যাতে সেচের মৌসুমে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হন। এ লক্ষ্যে ডিজেল ও বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

লোডশেডিংয়ের কারণে জনদুর্ভোগের বিষয়টি উল্লেখ করে তিনি সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।