প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের একটি ‘জ্বালানি বিষয়ক’ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যকালে তিনি এ প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে কমিটির সভাপতি করার কথা বলা হয়েছে।
সংসদ নেতা হিসেবে বিএনপির পক্ষ থেকে কমিটির পাঁচ সদস্যের নামও প্রস্তাব করা হয়। তারা হলেন— ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর–৪), মইনুল ইসলাম খান (মানিকগঞ্জ–২) এবং মিয়া নুরুদ্দিন অপু (শরীয়তপুর–৩)।
বিরোধী দলের প্রতি পাঁচ সদস্যের নাম দ্রুত দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এতে কমিটি দ্রুত কাজ শুরু করতে পারবে।
প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানান সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
পরে স্পিকার আশা প্রকাশ করে বলেন, বিরোধী দল দ্রুত তাদের সদস্যদের নাম দেবে। তিনি আরও বলেন, চলতি অধিবেশন শেষ হওয়ার আগেই এ কমিটি গঠন হলে তা দেশের জন্য ইতিবাচক বার্তা দেবে। সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে কাজ করলে যেকোনো সংকট মোকাবিলা করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
সূত্র: বাসস



