রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (এপিএইচআর)। বুধবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এপিএইচআর প্রতিনিধিদল এ প্রস্তাব উত্থাপন করে।
মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য ও এপিএইচআরের সহ-সভাপতি চার্লস সান্তিয়াগো বলেন,
“দুইটি বিষয়কে অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। একটি হলো রোহিঙ্গাদের জন্য আসিয়ান নেতৃত্বাধীন তহবিল গঠন, এবং অপরটি বাংলাদেশ-চীন-আসিয়ান যৌথ রাজনৈতিক শীর্ষ সম্মেলনের আয়োজন।”
এ সময় প্রধান উপদেষ্টা বলেন,
“আমরা আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে চাই। কারণ আসিয়ানের সদস্য না হওয়ায় আমরা সরাসরি এ ইস্যুটি তুলতে পারি না। অথচ রোহিঙ্গা সংকট আজ আমাদের জন্য এক বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে।”
তিনি আরও যোগ করেন,
“আসিয়ানের এমন একটি সংসদীয় প্ল্যাটফর্ম গঠন করুন, যেখানে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা যায়। এতে আমরা সরাসরি রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে পারব।”
চার্লস সান্তিয়াগো জানান, ২০১৮ সালে আসিয়ান সদস্যরা রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন এবং তখন থেকেই বিষয়টি পর্যবেক্ষণ করছেন। তবে তিনি স্বীকার করেন, গত দুই-তিন বছর আসিয়ান এ ইস্যুতে অনেকটাই নীরব ছিল।
তার ভাষায়,
“তখন আমাদের বেশি মনোযোগ ছিল মিয়ানমারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিকে। তবে এখন সময় এসেছে রোহিঙ্গা সমস্যাকে আবারও আসিয়ানের অন্যতম প্রধান আলোচ্য বিষয়ে পরিণত করার।”
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সংসদ সদস্য ওয়াং চেন, ফিলিপাইনের সাবেক কংগ্রেস সদস্য রাউল ম্যানুয়েল এবং এপিএইচআরের প্রোগ্রাম ডিরেক্টর চোনলাথান সুফাইবুনলার্ড।



