পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় বুধবার ন্যাশনাল পার্টির মিছিলে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহম্মদ কাকার জানান, হামলাকারীর লক্ষ্য ছিল মিছিলের সামনের সারিতে বিস্ফোরণ ঘটানো, যেখানে ন্যাশনাল পার্টির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তবে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকায় তিনি সেখানে পৌঁছাতে পারেননি।
তিনি আরও জানান, ঘটনার তদন্তের জন্য ইতোমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, এর আগের দিন মঙ্গলবার কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামে আরেকটি বোমা হামলার ঘটনা ঘটে। যদিও সেখানে কেউ নিহত হয়নি, তবে কয়েকজন আহত হন এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।



