নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) পালিত হবে।
সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের জন্য স্মরণীয় এই নৌসেনার প্রতি শ্রদ্ধা জানাতে দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র কোরআন খতম এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে। নৌবাহিনীর সদস্য ও তার পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হবে।
এ উপলক্ষে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ প্রায় ২২টি মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় কোরআনখানি এবং খাবার বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে।
মরহুমের জন্মভূমি সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর দরগাহ মসজিদ এবং তার পারিবারিক বাসভবনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া বগুড়া ও জামালপুরেও অনুরূপ কর্মসূচি পালন করা হবে।
দেশের বাইরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, নিউইয়র্ক ও ফ্লোরিডা, মালয়েশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং মালদ্বীপের বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারেও বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বর্ণাঢ্য কর্মজীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে সম্মাননা লাভ করেন। ব্যক্তিজীবনে তিনি পবিত্র কাবা শরিফ ধোয়ার বিরল সৌভাগ্য অর্জন করেছিলেন। সেই পবিত্র স্মৃতিচিহ্ন আজও সংরক্ষিত রয়েছে।
তার আদর্শ ও স্মৃতিকে ধরে রাখতে তার স্ত্রী বেগম মাহবুব আলী খান ১৯৭৯ সালে সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান ‘সুরভী’ প্রতিষ্ঠা করেন, যা দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। তার স্মরণে একটি মেমোরিয়াল মিউজিয়ামও স্থাপন করা হয়েছে।
ভবিষ্যতে তার জন্মভূমি সিলেটে হৃদরোগ গবেষণা ও বিনামূল্যে চিকিৎসার লক্ষ্যে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আরও কার্যক্রম গ্রহণের পরিকল্পনা রয়েছে।



