রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইটস জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বাদ মাগরিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাষ্ট্র শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কর্মময় জীবন ও দেশের জন্য তার অবদানের কথা স্মরণ করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি সোলাইমান ভূঁইয়া। তিনি বলেন, ১৯৭৯ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে মাহবুব আলী খান বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীকে আধুনিক ও শক্তিশালী বাহিনীতে পরিণত করার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
স্মৃতিচারণে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মাহবুব আলী খানের ভূমিকার কথাও তুলে ধরা হয়। পরে উপস্থিত মুসল্লিদের কাছে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আহ্বান জানান সোলাইমান ভূঁইয়া।
এ সময় বিএনপির নেতারা দলের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করেও দোয়া করার আহ্বান জানান।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জ্যাকসন হাইটস জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাদেক। মোনাজাতে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়।
একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং জিয়া পরিবারের সদস্যদের সুস্থতা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। মাহবুব আলী খানের স্ত্রী, দুই কন্যা, ডা. জোবাইদা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের জন্যও দোয়া করা হয়।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে জাকির এইচ. চৌধুরী, গিয়াস উদ্দিন, মোশারফ হোসেন সবুজ, আবু সাঈদ আহমেদ, মাকসুদুল এইচ. চৌধুরী, নাসিম আহমেদ, মোতাহার হোসেন, এটিএম হেলালুর রহমান, মোহাম্মদ বাচ্চু, শেখ ইউসুফ আলী, তারেক চৌধুরী, দিপু, মনির হোসেন, মোর্শেদুল আলম, মোহাম্মদ রাসেল ও নসিব ভান্ডারীসহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া বিপুলসংখ্যক মুসল্লি এতে অংশ নেন।
দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপির অসুস্থ নেতাকর্মী আব্দুস সবুর, রুহুল আমিন নাসির ও শাহাদাত হোসেন রাজুর দ্রুত সুস্থতার জন্যও বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।



