রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। এ সময় নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির ভাষণ চলাকালে সরকারদলীয় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সংসদ সদস্যরা হাসিমুখে রাষ্ট্রপতির বক্তব্যকে স্বাগত জানান।
রাষ্ট্রপতি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করেছে এবং তা গণতন্ত্রের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুরক্ষায় তিনি আপসহীন নেতৃত্ব দিয়েছেন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা বিশেষভাবে স্মরণীয়।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি অনেকটা স্থিতিশীলতার পথে এগিয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে মূল্যস্ফীতি কমে ৮.৫৮ শতাংশে দাঁড়িয়েছে, যা আগামী দিনগুলোতে আরও কমবে বলে আশা করা হচ্ছে।



