দক্ষিণী সিনেমার তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা এখন ব্যস্ত নতুন সিনেমা ‘রণবলী’র প্রচারে। সিনেমাটি মুক্তির আগে এক সাক্ষাৎকারে নিজেদের ছোটবেলার নানা স্মৃতি ভাগ করে নিয়েছেন তারা। সেখানেই বিজয় জানিয়েছেন, দীর্ঘদিন ছেলেদের ছাত্রাবাসে থাকার কারণে একটা সময় মেয়েদের সঙ্গে কথা বলতেই ভয় পেতেন তিনি। অন্যদিকে ভাষা ও উচ্চারণের কারণে ছোটবেলায় স্কুলে নানা বিড়ম্বনার মুখে পড়েছিলেন রাশমিকা।
বিজয় জানান, হায়দরাবাদে জন্ম হলেও মাত্র ছয় বছর বয়সে তাকে অন্ধ্রপ্রদেশের একটি আবাসিক স্কুলে পাঠানো হয়। সেখানে ছেলেদের ছাত্রাবাসে থেকে ১৫ বছর বয়স পর্যন্ত পড়াশোনা করেন তিনি।
অভিনেতার ভাষ্য, ওই সময়ের প্রায় পুরোটা কেটেছে কঠোর নিয়মের মধ্যে। বছরে প্রায় ১০ মাস স্কুলেই থাকতে হতো। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলত মাত্র দুই মাস। এমনকি দুই সপ্তাহে একবার করে সিনেমা দেখানো হতো শিক্ষার্থীদের।
নারী শিক্ষকদের বাইরে মেয়েদের সঙ্গে যোগাযোগের সুযোগও প্রায় ছিল না বলে জানান বিজয়। তিনি বলেন, ছয় থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শুধু ছেলেদের সঙ্গে থাকায় মেয়েদের সঙ্গে কথা বলার স্বাভাবিক অভ্যাসই তৈরি হয়নি।
বিজয় বলেন, ‘ছয় বছর থেকে ১৫ বছর পর্যন্ত ছেলেদের হোস্টেলে থাকলে এমনটাই হয়। নারী শিক্ষক ছাড়া কোনো মেয়েকে দেখতাম না। দূর থেকে মেয়েদের দেখা যেন আলাদা কোনো বিষয় ছিল।’
স্কুলে ছেলে-মেয়েদের একে অপরের দিকে তাকানোও প্রায় নিষিদ্ধ ছিল। ফলে হায়দরাবাদে ফিরে আসার পরও দীর্ঘ সময় মেয়েদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারেননি তিনি।
বিজয়ের কথায়, বয়ঃসন্ধির সময়ে বাড়ি ফেরার পর মেয়েদের প্রতি স্বাভাবিক আকর্ষণ তৈরি হলেও তাদের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, সেটাই বুঝে উঠতে পারছিলেন না। এমনকি প্রথম দুই বছর কোনো মেয়ের সঙ্গেই কথা বলেননি তিনি।
স্কুলবাসের স্মৃতিও তুলে ধরেন অভিনেতা। মেয়েরা তার সঙ্গে কথা বলতে এগিয়ে এলেও তিনি নাকি জানালার বাইরে তাকিয়ে থাকতেন। তার এই আচরণ মেয়েদের কাছে বরং মজার কিংবা আকর্ষণীয় মনে হতো। তারা তাকে নিজেদের পাশে বসে গল্প করার জন্য ডাকলেও চোখে চোখ রেখে কথা বলতে ভয় পেতেন বিজয়।
অভিনেতা বলেন, সেই সময় তার বুক ধড়ফড় করত। শেষ পর্যন্ত কলেজে পড়ার সময় নিজের ভয় কাটানোর সিদ্ধান্ত নেন তিনি। একদিন তার মনে হয়, ‘এত ভয় পাওয়ার কী আছে?’ এরপর বিকম পড়ার সময় প্রথম যে সুন্দরী মেয়েটিকে দেখেছিলেন, তার সঙ্গেই গিয়ে কথা বলেন বিজয়।
তবে বিজয়ের শৈশবের অভিজ্ঞতার সঙ্গে রাশমিকার গল্প ছিল একেবারেই আলাদা। ছোটবেলায় তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল ভাষা।
রাশমিকা জানান, ছোটবেলায় তার প্রথম ভাষা ছিল তামিল। ফলে কুর্গের স্কুলে গিয়ে হঠাৎ ইংরেজিতে কথা বলতে বলা হলে তিনি অনেকটা চুপ হয়ে যেতেন। কেউ ইংরেজিতে কিছু জিজ্ঞাসা করলেই কী উত্তর দেবেন, বুঝতে পারতেন না।
অভিনয় জগতে পা রাখার পরও ভাষা ও উচ্চারণ নিয়ে নানা মন্তব্য শুনতে হয়েছে রাশমিকাকে। কেউ তার উচ্চারণ নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ তার অভিনয়ের দক্ষতা নিয়েও মন্তব্য করেছেন।
তবে এখন এসব মন্তব্য আর তাকে বিশেষ অবাক করে না বলেই জানিয়েছেন রাশমিকা। শৈশবের ভাষাগত সংকট থেকে শুরু করে অভিনয়জীবনের নানা সমালোচনা—সবকিছুকে পেছনে ফেলে নিজের জায়গা তৈরি করেছেন এই অভিনেত্রী।



