tanaka
প্রচ্ছদজাতীয়রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

রাজশাহীতে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর ৬টায় এই তাপমাত্রা নথিভুক্ত হয়। এর আগে গত ৩১ ডিসেম্বর গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রাজশাহীতে রেকর্ড হওয়া ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই এ শীত মৌসুমের সর্বনিম্ন। আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা কিছুটা ওঠানামা করতে পারে বলেও জানান তিনি।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবারের তুলনায় একদিনেই তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। ফলে চলতি মৌসুমে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, সোমবার (৫ জানুয়ারি) রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালজুড়ে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করলেও কোনো বৃষ্টিপাত হয়নি।

এদিকে, আজ রাজশাহীসহ ১০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো—রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা। চলতি মাসের শুরুতে আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছিল, জানুয়ারিতে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে একটি হতে পারে তীব্র।