tanaka
প্রচ্ছদজাতীয়রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য দূরত্ব নয়: উপদেষ্টা রিজওয়ানা

রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য দূরত্ব নয়: উপদেষ্টা রিজওয়ানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, একটি রাজনৈতিক দলের সঙ্গে অন্য দলের মতপার্থক্য থাকা মানেই দূরত্ব নয়।

রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যে কোনো রাজনৈতিক বিষয়ে যদি দুই দলের মতপার্থক্য থাকে, সেটাকে দূরত্ব হিসেবে গণ্য করা ঠিক নয়। এর আগেও অনেক বড় বড় দল একে অপরের মতামত পোষণ করেছে এবং অনেক ক্ষেত্রেই একমত হয়নি। যারা স্বাক্ষর করেছেন তারা নোটও দিয়েছেন। এগুলোই তো গণতান্ত্রিক প্রক্রিয়া। মতানৈক্য থাকা স্বাভাবিক।”

এনসিপির সঙ্গে সরকারের দূরত্ব বাড়ার প্রশ্নে তিনি বলেন, “একটা রাজনৈতিক বিষয়ে মতপার্থক্য থাকাটা দূরত্ব নয়।”

জুলাই সনদ নিয়ে বিএনপি দীর্ঘদিন ভিন্নমত পোষণ করলেও এখন এনসিপি বারবার এই সনের কথা উল্লেখ করায় সাধারণ মানুষের কাছে কী বার্তা যাচ্ছে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এনসিপি নিজের মতো করে সাধারণ জনগণের সঙ্গে কথা বলছে। তারা একটি রাজনৈতিক দল হিসেবে তাদের বার্তা দিচ্ছে এবং নিজেদের অবস্থান স্পষ্ট করবে। এ বিষয়ে সরকারের কিছু বলার নেই।”

এনসিপি আইনি ভিত্তিতে জুলাই সনদ চাচ্ছে কি না এবং ঐকমত্য হচ্ছে কি না—এই প্রশ্নে উপদেষ্টা জানান, “জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি কংক্রিট আইনি রূপরেখা তৈরির ব্যাপারে ঐকমত্য কমিটি সরকারকে রিপোর্ট দেবে, তখন সরকার একটি অবস্থান নির্ধারণ করবে। এটি আইন হবে না, তবে একটি ভিত্তি তৈরি হবে।”

সনদে স্বাক্ষর করার ক্ষেত্রে শর্ত থাকলে কি মেনে নেবে, সেই প্রশ্নে তিনি বলেন, “তারা ঐকমত্য কমিটির সঙ্গে আলোচনা করবে এবং প্রস্তাব নিয়ে কথা বলবে, তারপরই স্বাক্ষর করবে। সব পক্ষকে সমঝোতায় আসতেই হয়, তবে আমরা আশাবাদী ভালো কিছু হবে।”

এনসিপির দাবির যৌক্তিকতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “যৌক্তিকতা আমি ব্যক্তিগতভাবে বিচার করবো না। রাজনৈতিক দল যখন কোনো বিষয়ে একমত হয়, আমরা সেটাকে সঠিক ধরে নেব।”

সরকারের পরামর্শে এনসিপি সনদে স্বাক্ষর করেনি বলে যে অভিযোগ উঠেছে, সেই প্রশ্নে তিনি বলেন, “এটা ভিত্তিহীন অভিযোগ। বাংলাদেশে ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত আছে। প্রধানমন্ত্রীর কঠিন পরিস্থিতিতেও জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে। এর বিরুদ্ধে প্রমাণ কেউ দিতে পারবে না, তাই অভিযোগের কোনো ভিত্তি নেই। কিছু কথার মাধ্যমে সন্দেহ সৃষ্টি করা হয়।”