পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
এ জামাতে মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ ও বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণের কথা রয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে, বিশেষ করে ঝড়বৃষ্টির কারণে, সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
এবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, এসব জামাত হবে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় দুটি ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।
এছাড়া সকাল সাড়ে ৭টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রাজধানীর বিভিন্ন এলাকায় শতাধিক ঈদগাহ এবং দেড় হাজারের বেশি মসজিদেও ঈদের জামাতের আয়োজন থাকবে।



