রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আসন্ন রমজান উপলক্ষে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়সমূহ বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রমজান মাসের ২১ দিন বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়েছিল। পরে গত ৫ জানুয়ারি পুরো রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল।
নোটিশে বলা হয়, বাংলাদেশের অধিকাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার একটি প্রচলিত রীতি রয়েছে। সংবিধানের ৩১ অনুচ্ছেদে আইনের শাসনের কথা উল্লেখ করা হয়েছে এবং ১৫২(১) অনুচ্ছেদ অনুযায়ী ‘আইন’ বলতে প্রচলিত রীতি ও প্রথাকেও বোঝায়। সে প্রেক্ষাপটে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তকে অসাংবিধানিক ও শিক্ষা ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করা হয়।
নোটিশে আরও বলা হয়, রোজা পালনরত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিয়মিত ক্লাসে অংশ নেওয়া শারীরিকভাবে কষ্টকর হতে পারে। এতে তাদের ধর্মীয় অনুশীলনে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া রমজানে স্কুল খোলা থাকলে বিশেষ করে শহরাঞ্চলে যানজট বেড়ে যাওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়াতে পারে বলে নোটিশে তুলে ধরা হয়েছে।



