যুক্তরাষ্ট্রের কাছে এত পারমাণবিক অস্ত্র আছে যে তা দিয়ে পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করা যাবে — এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৩ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের প্রকাশিত প্রতিবেদনের সূত্রে জানানো হয়েছে, সিএবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেন। তিনি বলেন, রাশিয়া ও চীনের মতো দেশগুলোও গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, যদিও তারা তা প্রকাশ্যে স্বীকার করছে না।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “রাশিয়া পরীক্ষা চালাচ্ছে, চীনও চালাচ্ছে—কিন্তু তারা এসব নিয়ে কিছু বলে না।” উপস্থাপিকা নোরা ও’ডনেল যখন বলেছিলেন যে বর্তমানে কেবল উত্তর কোরিয়াই পারমাণবিক পরীক্ষা করছে, তখন ট্রাম্প তা নাকচ করে এই মন্তব্য করেন।
ট্রাম্প এতে যোগ করেন যে তিনি কয়েকদিন আগে ৩০ বছরের বেশি সময়ের বিরতির পর আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছিলেন। তিনি যুক্তি দেন, অস্ত্র তৈরি করে তা পরীক্ষা না করা বাস্তবসম্মত নয় — “আপনি অস্ত্র বানালেন, কিন্তু পরীক্ষা করলেন না—তাহলে কীভাবে জানবেন এটা কাজ করে কি না?”—বলেছেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও গর্ব করে বলেন যে যুক্তরাষ্ট্রের কাছে বিশাল পারমাণবিক শক্তি রয়েছে — “যা অন্য কোনো দেশের নেই। রাশিয়া দ্বিতীয় স্থানে, চীন অনেক পিছিয়ে; তবে পাঁচ বছরের মধ্যে তারা সমান পর্যায়ে পৌঁছাতে পারে।” তিনি বলেন, “আমাদের পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে, যা পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার মতো। রুশদেরও অনেক আছে, আর চীন দ্রুত এগোচ্ছে।”



