যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ বোর্ডের গভর্নর লিসা কুককে পদ থেকে দ্রুত বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প । ট্রাম্প অভিযোগ করেছেন, মর্টগেজ বা বন্ধকি ঋণ সংক্রান্ত অনিয়মে জড়িত থাকার কারণে তাকে অপসারণ করা হবে। এ বিষয়ে তিনি তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করবেন বলেও জানিয়েছেন। খবরটি অনলাইনে প্রকাশ করেছে বিবিসি।
লিসা কুক এই সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্টের তার অপসারণ করার কোনো সাংবিধানিক অধিকার নেই এবং তিনি পদত্যাগ করবেন না। উল্লেখ্য, লিসা কুক ফেডারেল রিজার্ভ বোর্ডে নিযুক্ত প্রথম আফ্রিকান-আমেরিকান নারী।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্টের দ্বারা কেন্দ্রীয় ব্যাংকের একজন গভর্নরকে সরিয়ে দেওয়ার ঘটনা নজিরবিহীন। এর আগে ট্রাম্প ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলের ওপরও সুদের হার কমানোর জন্য চাপ সৃষ্টি করেছিলেন।
লিসা কুক ২০২২ সাল থেকে ফেডার রিজার্ভ বোর্ড অফ গভর্নরস-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ছিলেন। রুশ অর্থনীতি ও আন্তর্জাতিক নীতিনির্ধারণ বিষয়ে তিনি একজন স্বীকৃত বিশেষজ্ঞ। ওবামা প্রশাসনসহ নাইজেরিয়া ও রুয়ান্ডার সরকারকে নীতি পরামর্শ দিয়েছেন তিনি।
ফেডারেল রিজার্ভ বোর্ডের সাত সদস্যের একজন হিসেবে কুক যুক্তরাষ্ট্রে সুদের হার নির্ধারণকারী ১২ সদস্যের কমিটির অংশ হিসেবে কাজ করছেন।



