রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে অবস্থিত প্রিপারেটরি স্কুলে দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, চারজন ব্যক্তি দুটি মোটরসাইকেলে করে এসে পরপর দুটি পেট্রোল বোমা স্কুলের দিকে নিক্ষেপ করেন। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাতে দুটি মোটরসাইকেল এসে স্কুলের সামনে থামে। চালকদের মাথায় হেলমেট এবং পেছনের দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। এরপর এক ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে পেট্রোল বোমায় আগুন ধরিয়ে স্কুলের দিকে দুটি বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, “স্কুলকে লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।”



