ভারতের বিহার রাজ্যে ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষের বেশি নাম বাদ পড়ার ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদি সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, এই পদক্ষেপের মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিতভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে।
‘ভোটার অধিকার যাত্রা’ নামক একটি অভিযানের অংশ হিসেবে রাহুল গান্ধী রবিবার আরারিয়ায় এক জনসভায় বলেন, “নিবিড় সংশোধন প্রক্রিয়া (এসআইআর) আসলে একটি প্রাতিষ্ঠানিক ভোট চুরির পদ্ধতি, যা নির্বাচন কমিশনের সহায়তায় পরিচালিত হচ্ছে।” তিনি অভিযোগ করেন, মোদি সরকার সরকারী খাতের বেসরকারিকরণের পর এখন ভোটাধিকার হরণেও মনোনিবেশ করেছে।
রাহুল গান্ধী নির্বাচন কমিশনকে ‘নির্বাচনী ওমিশন’ (অর্থাৎ, ব্যর্থ নির্বাচন কমিশন) বলে আখ্যা দেন। তিনি বলেন, এই উদ্যোগ অসাংবিধানিক এবং আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে প্রান্তিক মানুষদের পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “সংবিধান সকল নাগরিককে সমান অধিকার দিয়েছে। এসআইআর সেই অধিকার হরণ করছে। বিহারের জনগণ এই ভোট চুরির জবাব ব্যালটের মাধ্যমে দেবে।”



