ইন্টার মায়ামির হয়ে প্লে-অফ ম্যাচ থাকার সম্ভাবনা থাকলেও জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন না লিওনেল মেসি। তার নেতৃত্বেই আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে লুয়ান্ডায় প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বৃহস্পতিবার ঘোষিত ২৪ সদস্যের দলে তিন নতুন মুখ রেখেছেন কোচ লিওনেল স্কালোনি—জিয়ানলুকা প্রেস্তিয়ানি, হোয়াকিন পানিচেলি ও ম্যাক্সিমো পেরোনে।
আসন্ন ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে এটি হবে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের একমাত্র প্রস্তুতি ম্যাচ। ২০২৬ বিশ্বকাপের আগে নতুন কিছু খেলোয়াড়কে যাচাইয়ের এটিই স্কালোনির সুযোগ।
গোলরক্ষকদের মধ্যে রয়েছেন জেরোনিমো রুলি ও ওয়াল্টার বেনিতেজ। নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ পেশির চোটে দলের বাইরে আছেন।
রক্ষণভাগে আছেন নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়থ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো ও ভ্যালেন্তিন বারকো।
মাঝমাঠে রয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভান্নি লো সেলসো, ম্যাক্সিমো পেরোনে ও নিকো পাজ।
আক্রমণভাগে স্বভাবতই নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। তার সঙ্গী হিসেবে থাকছেন লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, হোসে মানুয়েল লোপেজ, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, জুলিয়ানো সিমিওনে ও হোয়াকিন পানিচেলি।
বর্তমান বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ী দলটি এই প্রীতি ম্যাচ দিয়েই শুরু করবে আগামী বছরের ব্যস্ত সূচির প্রস্তুতি।



