tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকমেডিকেল কলেজে হাতের লেখা শেখানোর নির্দেশ ভারতের আদালতের

মেডিকেল কলেজে হাতের লেখা শেখানোর নির্দেশ ভারতের আদালতের

ভারতের চিকিৎসকদের হাতের লেখা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ এবার আদালতের কড়া নির্দেশে রূপ নিল। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট রায়ে জানিয়েছে, মেডিকেল কলেজের পাঠ্যসূচিতে হাতের লেখার ক্লাস অন্তর্ভুক্ত করতে হবে।

বিচারপতি জসগুরুপ্রীত সিং পুরি ধর্ষণ ও প্রতারণা সংক্রান্ত এক মামলার শুনানিতে একজন সরকারি চিকিৎসকের দেওয়া চিকিৎসা প্রতিবেদন পড়তে ব্যর্থ হয়ে এই মন্তব্য করেন। তিনি বলেন, প্রতিবেদনের একটি শব্দও পাঠযোগ্য ছিল না, যা আদালতের বিবেককে নাড়িয়ে দিয়েছে।

রায়ে আদালত সরকারকে নির্দেশ দিয়েছে—

  • মেডিকেল কলেজে হাতের লেখার ক্লাস চালু করতে।
  • দুই বছরের মধ্যে ডিজিটাল প্রেসক্রিপশন ব্যবস্থা চালু করতে।
  • ততদিন চিকিৎসকদের বড় হাতের অক্ষরে প্রেসক্রিপশন লিখতে।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ড. দিলীপ ভানুশালী জানিয়েছেন, শহরে অনেক চিকিৎসক ইতোমধ্যেই ডিজিটাল প্রেসক্রিপশন ব্যবহার করছেন। তবে গ্রাম ও ছোট শহরে অস্পষ্ট হাতে লেখা প্রেসক্রিপশন এখনো সাধারণ ঘটনা।

বিশ্বব্যাপী গবেষণায় দেখা গেছে, অস্পষ্ট প্রেসক্রিপশনের কারণে ভুল ওষুধ সেবন হয়ে গুরুতর ক্ষতি বা মৃত্যুও ঘটতে পারে। শুধু যুক্তরাষ্ট্রেই প্রতিবছর অন্তত সাত হাজার মানুষের মৃত্যু হয় চিকিৎসকদের দুর্বোধ্য হাতের লেখা থেকে সৃষ্ট ভুলের কারণে।

সূত্র: বিবিসি বাংলা