বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র তার দায়িত্ব পালনের চেষ্টা করছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ অনেক যোদ্ধা বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন। তবে এসব খেতাবের চেয়েও বড় অর্জন হলো একটি জাতির স্বাধীনতার জন্য লড়াই করে বিজয় ছিনিয়ে আনার গৌরব। এমন গৌরব সবার ভাগ্যে জোটে না। এ কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।
অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের বীরোচিত অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, আবার কারও পরিবারের সদস্য শহীদ হয়েছেন। অর্থাৎ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সবাই মহান মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদার।
তিনি বলেন, লাখো মানুষের জীবন, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং বহু মানুষের আহত হওয়া ও পঙ্গুত্বের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীন বাংলাদেশ। সশস্ত্র বাহিনী দিবসের এই ঐতিহাসিক মুহূর্তে তিনি মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন এবং শহীদদের মাগফিরাত কামনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী দিবসে যেসব বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য সম্মাননা পেয়েছেন, তাঁদের সম্মানিত করা রাষ্ট্রের দায়িত্ব পালনেরই অংশ। তাঁদের যথাযথ মর্যাদা দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায়িত্ব কিছুটা হলেও পালনের চেষ্টা করছে।
নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে তারেক রহমান বলেন, এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি গর্বিত। মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাঁকেও অনুপ্রাণিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা বাহিনীর জন্য অত্যন্ত গৌরবের বিষয়।
বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের গৌরবগাথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। সময়োপযোগী ওই সিদ্ধান্তের পাশাপাশি ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়।
তিনি আরও বলেন, সময়ের পরিক্রমায় অনেক বীর মুক্তিযোদ্ধা আজ বার্ধক্যে উপনীত হয়েছেন। তবে জীবনের শেষ প্রান্তে এসেও তাঁদের চোখে স্বাধীনতার সেই দীপ্তি এখনো অম্লান। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এসব জীবন্ত কিংবদন্তিকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে উদ্যোগ গ্রহণ করে আসছে, তা প্রশংসনীয়। এ জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।



