tanaka
প্রচ্ছদজাতীয়মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন, সৎকার ও পরিবহনের তাৎক্ষণিক ব্যয় মেটাতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে ৯ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা বরাদ্দ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

গত ২৯ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে জারি করা এক আদেশে এ আর্থিক মঞ্জুরির কথা জানানো হয়। বরাদ্দের অর্থ দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুকূলে ছাড় করা হবে।

কোন খাতে ব্যয় হবে

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটের বিশেষ কার্যক্রমের আওতায় যুদ্ধাহত ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা খাতের দাফন বাবদ অনুদান হিসেবে মোট ১৮ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্য থেকে ৯ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা দাফন, সৎকার ও মরদেহ পরিবহনের কাজে ব্যয় করা হবে।

সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন নিজ নিজ জেলা বা উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় থেকে বরাদ্দের অর্থ উত্তোলন করবে। এ জন্য সারণি অনুযায়ী মোট বরাদ্দের অথরিটি সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে পাঠাতে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে অনুরোধ করা হয়েছে।

নির্দিষ্ট কাজেই ব্যয় করতে হবে

আদেশ অনুযায়ী, বরাদ্দ করা অর্থ মুক্তিযোদ্ধার মরদেহ সৎকার, সমাহিত করা এবং মরদেহ পরিবহনের বাইরে অন্য কোনো কাজে ব্যয় করা যাবে না।

অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট বিতরণকারী কর্তৃপক্ষকে দায়ী থাকতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা যথাযথ বিলের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা বা উপজেলা ট্রেজারি থেকে অর্থ উত্তোলন করবেন।

অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ

চলতি অর্থবছরের ৩০ জুন ২০২৭ তারিখের পর বরাদ্দের কোনো অর্থ অব্যয়িত থাকলে তা সরকারি কোষাগারের নির্ধারিত খাতে জমা দিতে হবে। একই সঙ্গে বিষয়টি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

মন্ত্রণালয়ের আদেশে দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) ডা. মু. আসাদুজ্জামান স্বাক্ষর করেন। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আদেশটি প্রকাশের জন্য সিস্টেম অ্যানালিস্টকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।