জুলাই সনদের বাস্তবায়ন, উচ্চকক্ষে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। রোববার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের আমির মাওলানা মামুনুল হক। এতে কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মামুনুল হক বলেন, “এই পাঁচ দফা কোনো দলীয় স্বার্থ নয়, বরং দেশের জনগণের ন্যায়সঙ্গত অধিকার রক্ষার দাবি। আমরা চাই, আগামী জাতীয় নির্বাচন যেন নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়।”
দলের ঘোষিত পাঁচ দফা দাবি: জুলাই সনদের অবিলম্বে কার্যকর বাস্তবায়ন
১. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ ২. লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে অবাধ নির্বাচন ৩. জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতি ৪. সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতির বাস্তবায়ন
এই দাবিগুলোর বাস্তবায়নে দলটি তিন ধাপে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে:
- ১৮ সেপ্টেম্বর: ঢাকায় বিক্ষোভ মিছিল
- ১৯ সেপ্টেম্বর: বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ
- ২৬ সেপ্টেম্বর: জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ
সংবাদ সম্মেলনে মামুনুল হক অভিযোগ করেন, নির্বাচনের সময়সূচি ঘোষণায় একটি দলকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, যা নির্বাচনী মাঠে সমতা নষ্ট করতে পারে। তিনি বলেন, “আগামী সরকার গঠনে কোনো দলীয় পক্ষপাত যেন প্রকাশ না পায়, তা নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “সব দলের অংশগ্রহণ ও জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে সরকারের সদিচ্ছা প্রকাশ করা উচিত।”



